পাক দাবি উড়িয়ে তালিবানের পাশে পুতিন! ‘আফগান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে’

ভারত সফর শেষে রাশিয়া ফেরার আগে আফগানিস্তানের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে তীব্র বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তান যেখানে বারবার দাবি করছে যে তালিবান সরকার সন্ত্রাসকে মদত দিচ্ছে, সেখানে পুতিন স্পষ্ট জানিয়ে দিলেন, “আফগানিস্তানে তালিবান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে এবং দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।” কূটনৈতিক মহলের মতে, ভারত-পাক সংঘাতের আবহে আন্তর্জাতিক মঞ্চে পুতিনের এই বার্তা ইসলামাবাদের জন্য বড় ধাক্কা।
সাম্প্রতিক সময়ে ডুরান্ড লাইনকে কেন্দ্র করে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। ইসলামাবাদ দাবি করেছে যে আফগানিস্তান থেকে টিটিপি জঙ্গিরা এসে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং তালিবান তাদের মদত দিচ্ছে। কিন্তু পুতিন সেই দাবি কার্যত উড়িয়ে দিয়ে বলেন যে, দীর্ঘ গৃহযুদ্ধের পর তালিবান সরকার আফগানিস্তানের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনেছে এবং আফিম চাষ বন্ধেও কঠোর পদক্ষেপ নিয়েছে। এই কারণেই রাশিয়া তালিবান সরকারকে মান্যতা দিয়েছে।