হোয়াটসঅ্যাপ মেসেজে গ্রেফতারি কি বৈধ কেরল হাইকোর্টের নজিরবিহীন রায়ে তোলপাড়
কেরল হাইকোর্ট মাদক মামলায় অভিযুক্ত এক ব্যক্তির জামিনের আবেদন খারিজ করে এক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। আদালত জানিয়েছে, গ্রেফতারের কারণ হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে অভিযুক্তের আত্মীয়কে জানানো হলে তা আইনি প্রক্রিয়ার সঠিক পালন হিসেবেই গণ্য হবে। বিচারপতি কউসার এডাপ্পাগাথ জানান, এনডিপিএস আইনের অধীনে গ্রেফতারের ক্ষেত্রে নিয়ম মেনে তথ্য প্রদান জরুরি এবং এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৈধ। ৯৬ গ্রামের বেশি এমডিএমএ মাদকসহ ধরা পড়া অভিযুক্ত শামীমের জামিন নাকচ করে আদালত এই রায় দেয়। পুলিশ অভিযুক্তের আত্মীয়কে সরাসরি উপস্থিত হতে বললেও তিনি রাজি না হওয়ায় হোয়াটসঅ্যাপে তথ্য পাঠানো হয়েছিল।