ঘন ঘন ঢেকুর তুলছেন? এই ৫টি শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে, জেনে নিন প্রতিকার
খাবার খাওয়ার পর ঢেকুর তোলা একটি সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সদ্যোজাতদের ক্ষেত্রে এই অভ্যাসকে উৎসাহ দেওয়া হলেও, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। চিকিৎসকদের মতে, ঢেকুর পরিপাকতন্ত্রের একটি স্বাভাবিক অংশ হলেও, এর মাত্রাতিরিক্ত উপস্থিতি কিছু শারীরিক সমস্যার ইঙ্গিত বহন করতে পারে।
সাধারণত, একজন ব্যক্তি দিনে সর্বোচ্চ ৩০ বার পর্যন্ত ঢেকুর তুললে তা স্বাভাবিক বলেই ধরা হয়। এটি হজম ক্ষমতা ও খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে। তবে, যদি সকালে ঘুম থেকে ওঠার পর সামান্য জল পানেই বারবার ঢেকুর ওঠে, তবে তা স্বাভাবিক নাও হতে পারে। এমন ক্ষেত্রে এটি হজমের গোলমাল বা অন্য কোনো শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে।
চিকিৎসকদের মতে, ঘন ঘন ঢেকুর ওঠার অন্যতম প্রধান কারণ হতে পারে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD) বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রম (IBS)-এর মতো রোগ। এই ধরনের সমস্যায় খাবার সহজে হজম না হওয়ায় পেটে গ্যাস জমা হয়, যা ঢেকুরের মাধ্যমে বেরিয়ে আসে। তাই যদি ক্রমাগত ঢেকুর উঠতে থাকে, তবে এটি পেটের কোনো গুরুতর রোগের লক্ষণ হতে পারে।
তবে ঢেকুরের সমস্যা থেকে মুক্তি পেতে কিছু সাধারণ নিয়ম মেনে চলা যেতে পারে।
অল্প করে খাওয়ার অভ্যাস: একবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে বারে বারে খাওয়া উচিত। প্রতি দুই ঘণ্টা অন্তর হালকা কিছু খেলে হজমের ওপর চাপ কম পড়ে।
নির্দিষ্ট খাবার এড়িয়ে চলা: যে ধরনের খাবার থেকে হজমের সমস্যা হয়, তা চিহ্নিত করে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া জরুরি।
মানসিক চাপ কমান: মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদও হজমের সমস্যা বাড়াতে পারে। তাই নিয়মিত ধ্যান, যোগব্যায়াম বা অন্য কোনো শারীরিক অনুশীলন করলে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
এই সমস্যা যদি উপরের নিয়মগুলো মেনে চলার পরেও না কমে, তবে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য। সময় মতো সঠিক চিকিৎসা করালে এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব।